সাহিত্য পত্রিকা দেখতে এখানে প্রবেশ করুন:
Journal.bangla.du.ac.bd
সাহিত্য পত্রিকা: Journal.bangla.du.ac.bd
বাঙালি জাতির মুক্তিসংগ্রামের ইতিহাসে ১৯৫২ সালে সংঘটিত ভাষা-আন্দোলনের গুরুত্ব অপরিসীম। আপাতদৃষ্টিতে এই আন্দোলন বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার আন্দোলন মনে হলেও প্রকৃতপক্ষে এর প্রভাব ছিল সুদূরপ্রসারী। কারণ ভাষা-আন্দোলনের সূত্র ধরে ধর্মভিত্তিক জাতীয়তাবাদের পরিবর্তে অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে, আর্থ-সামাজিক-রাজনৈতিক চিন্তাধারায় ব্যাপক পরিবর্তন সূচিত হয় এবং প্রায় দুই দশকের আন্দোলন-সংগ্রামের পর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। ১৯৪৭ সালে দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ব্রিটিশ-ভারত ভাগ হয়ে পাকিস্তান ও ভারত রাষ্ট্রের পত্তন হয়। পাকিস্তানের দুটি অংশ: পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। প্রায় দুই হাজার কিলোমিটারের অধিক ব্যবধানে অবস্থিত পাকিস্তানের দুটি অংশের মধ্যে নৃতাত্ত্বিক, ভৌগোলিক সাংস্কৃতিক ও ভাষিক দিক থেকে অনেকগুলো মৌলিক পার্থক্য বিরাজমান ছিল। এই পার্থক্য আরো স্পষ্ট হয়ে ওঠে পাকিস্তানি শাসকচক্রের বৈষম্যমূলক নীতির কারণে। তারা চেয়েছিল আর্থ-সামাজিক-রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকে এতদঞ্চলকে বঞ্চিত করে চাতুর্য ও জবরদস্তির সঙ্গে শাসনকার্য পরিচালিত করতে। তাই যে-পাকিস্তান রাষ্ট্রের প্রতি এই জনাঞ্চলের সাধারণ মানুষের বিশাল প্রত্যাশা ছিল, পাকিস্তান-সৃষ্টির অব্যবহিত পরবর্তী পর্যায়ে সেসব স্বপ্ন-প্রত্যাশা উবে যেতে থাকে। এ-অঞ্চলবাসীর অদৃষ্টে জুটতে থাকে অব্যাহত বঞ্চনা, অনৈতিক নিগ্রহ, আর্থ-রাজনৈতিক শোষণ-নিপীড়ন। এরকম বৈরী পরিস্থিতিতে নতুন করে আলোচনায় আসে রাষ্ট্রভাষা-প্রসঙ্গ ।

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
সাহিত্য পত্রিকা: Journal.bangla.du.ac.bd