সাহিত্য পত্রিকা দেখতে এখানে প্রবেশ করুন:
Journal.bangla.du.ac.bd
সাহিত্য পত্রিকা: Journal.bangla.du.ac.bd
গত একশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ বঙ্গীয় জনগোষ্ঠীর মানোন্নয়ন এবং জাতীয় সংস্কৃতি-রাজনীতি নির্মাণে প্রভূত অবদান রেখেছে। মোটা দাগে তিন ধারায় সে অবদানকে চিহ্নিত করা যায়। এক. জাতীয়তাবাদী সাংস্কৃতিক রাজনীতিতে নেতৃস্থানীয় ভূমিকা পালন; দুই. বাংলা ভাষা ও সাহিত্যচর্চার পরিসর সৃষ্টি; তিন. দক্ষ জনশক্তি উৎপাদন করে রাষ্ট্রের জন্য প্রয়োজনীয় পেশাজীবী সরবরাহ করা। এর মধ্যে জাতীয়তাবাদী সাংস্কৃতিক রাজনীতির পরিগঠনে বাংলা বিভাগের ভূমিকা ঐতিহাসিক । বিশেষত পঞ্চাশ ও ষাটের দশকের বাঙালি জাতীয়তাবাদী কর্মকাণ্ডের তাত্ত্বিক-সাংস্কৃতিক ভিত্তি নির্মাণে বাংলা বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকগণ কেন্দ্ৰীয় ভূমিকা পালন করেছেন। এক্ষেত্রে জাতীয়তাবাদী ধ্যান-ধারণার বিশিষ্ট গড়নের কারণে বাংলা ভাষা ও সাহিত্যের স্বাভাবিক চর্চাই কার্যকর প্রমাণিত হয়েছে। কিন্তু যদি 'বাঙালি' পরিচয়ের সাথে বাংলা বিভাগের তৎপরতার স্বতঃস্ফূর্ত যোগের
বিষয়টি বাদও রাখি, তবু জনগোষ্ঠীর মনন ও সাংস্কৃতিক মান গড়নে বাংলা বিভাগের ভূমিকা গুরুত্বপূর্ণই থেকে যাবে। বলা যায়, ভাষা ও সাহিত্যের পঠন-পাঠনের সাথে লিবারেল বা উদারনীতিবাদী সংস্কৃতির যে-অন্তরঙ্গ সম্পর্ক, বাংলা বিভাগের ক্ষেত্রে তা-ই বিশেষভাবে ফলপ্রসূ হয়েছিল। জনগোষ্ঠীর সামাজিক- সাংস্কৃতিক নিত্যচর্চার পরিসরে সে সুফল বাংলাদেশের নাগরিক-শিক্ষিত মধ্যবিত্তের ইতিহাসে নিয়তই অনুধাবন করা যায়।

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
সাহিত্য পত্রিকা: Journal.bangla.du.ac.bd