সাহিত্য পত্রিকা দেখতে এখানে প্রবেশ করুন:
Journal.bangla.du.ac.bd
সাহিত্য পত্রিকা: Journal.bangla.du.ac.bd
বাংলাদেশ রাষ্ট্র গঠনের যে দীর্ঘ সংগ্রাম, তাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের রয়েছে গৌরবময় অবদান। এদেশের সংস্কৃতি ও সাহিত্যের জগতেও তাদের উপস্থিতি উজ্জ্বল। গত ১০০ বছরেরও বেশি সময় ধরে বাঙালি জাতির অন্যতম প্রাণকেন্দ্ররূপে বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তাতে অগ্রণী ভূমিকা ছিল বাংলা বিভাগের। পাশাপাশি এদেশের উচ্চতর জ্ঞানচর্চার বিকাশেও বাংলা বিভাগের রয়েছে সরব উপস্থিতি। বাংলা বিভাগের কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্য থেকে ৮৩ জনের জীবন ও কৃতি নিয়ে বিভাগের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হয়েছিল স্মরণীয় ব্যক্তিত্ব। প্রায় দু'দশক পরে আরও ৩১ জনের জীবন ও কৃতি যুক্ত করে এর পরিবর্ধিত দ্বিতীয় সংস্করণ প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। বাংলা বিভাগের শতবর্ষের যাত্রায় শতাধিক মনীষীর সঙ্গে আরও অনেকের নাম হয়তো যুক্ত হতে পারত। ভবিষ্যতে এর পরিবর্ধিত সংস্করণে সে-সীমাবদ্ধতা দূর হবে আশা করি। প্রথম সংস্করণ থেকে পুনর্মুদ্রিত লেখাগুলোতে নতুন করে কোনো সংযোজন-বিয়োজন করা হয়নি। তবে অধিকাংশ ক্ষেত্রে বাংলা একাডেমির প্রমিত বানানের নিয়ম অনুসরণের ফলে বানানরীতিতে পরিবর্তন হয়েছে। সময়ের স্বল্পতার কারণে এ-সংস্করণেও মুদ্রণপ্রমাদ পরিহার করা যায়নি। বাঙালির স্বাধীনতা সংগ্রাম ও জাতিরাষ্ট্র গঠন; বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চা ও গবেষণার ক্ষেত্রে স্মরণীয় ব্যক্তিত্ব একটি আকরগ্রন্থ হিসেবে সমাদৃত হবে বলে আমরা বিশ্বাস করি। এই সংস্করণে যুক্ত নতুন লেখকদের প্রতি কৃতজ্ঞতা জানাই। অপরিসীম পরিশ্রমে স্বল্প সময়ে এই গ্রন্থ প্রকাশের জন্য সম্পাদকমণ্ডলী ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা অ্যালামনাইয়ের প্রকাশনা উপ-পরিষদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
সাহিত্য পত্রিকা: Journal.bangla.du.ac.bd